নারায়ণগঞ্জে ওসমান পরিবারের দুই সমর্থক গত সোমবার দুই ঘণ্টার ব্যবধানে নিখোঁজ হন। দুজনের পরিবারের অভিযোগ, র্যাব ও প্রশাসনের লোক পরিচয়ে তাঁদের অপহরণ করা হয়েছে। দুজনকে গুম করার আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।নিখোঁজ দুজন হলেন ইউসুফ হোসেন ওরফে লিটন ও সুলতান শওকত ওরফে ভ্রমর। ইউসুফ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন। তাঁকে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান ও তাঁর ভাই আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের মিছিল-মিটিংয়ে দেখা যেত।অন্যদিকে সুলতান সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তাঁকে নিজের ঘনিষ্ঠ ছোট ভাই বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন আজমেরী ওসমান। সুলতানের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজি এবং ব্যবসায়ী আশিক ইসলাম হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।এর আগে ৬ জুলাই ঢাকার গুলশান থেকে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের বহিষ্কৃত প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ক্যাঙ্গারু পারভেজকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রধারী লোকজন তুলে নিয়ে যায় বলে তাঁর পরিবার অভিযোগ করেন।নারায়ণগঞ্জের র্যাব ও পুলিশ তিনজনকেই আটকের বিষয়টি অস্বীকার করেছে।মুক্তির পরই ইউসুফ নিখোঁজ: ইউসুফের বড় ভাই এমরান হোসেন সাংবাদিকদের জানান, ত্বকী হত্যা মামলায় গত ২৪ জুন ইউসুফ উচ্চ আদালত থেকে জামিন পান। কিছু ত্রুটি থাকায় সেগুলো ঠিক করে সোমবার বিকেলে তাঁর (ইউসুফ) জামিননামা নারায়ণগঞ্জ কারাগারে পৌঁছানো হয়। আসরের নামাজের সময় হওয়ায় পরিবারের সদস্যরা নামাজ পড়তে গেলে ওই সময় ইউসুফ কারাগার থেকে বের হন। তখনই কারাগারের বাইরে দাঁড়ানো দুটি মাইক্রোবাসে থাকা লোকজন র্যাব পরিচয়ে ইউসুফকে তুলে নিয়ে যায়। এর পর থেকে ইউসুফের কোনো খোঁজ নেই।এমরানের অভিযোগ অস্বীকার করেছেন ত্বকী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম। কেরানীগঞ্জ থেকে নিখোঁজ সুলতান: সুলতানের স্ত্রী তানিয়া আক্তার কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে বলা হয়েছে, চার-পাঁচ দিন আগে ইঞ্জিন মেরামত করতে সুলতান ঢাকার কেরানীগঞ্জের নাজিরেরবাগ জাবিফ অটোমোবাইল দোকানে গাড়ি দেন। সোমবার সন্ধ্যায় সুলতান ও তাঁর বন্ধু এজাজ গাড়িটি আনতে যান। এ সময় একটি মাইক্রোবাসে করে আসা ছয়-সাতজন ব্যক্তি নিজেদের প্রশাসনের লোকজন পরিচয় দিয়ে সুলতানকে জোর করে ওই গাড়িতে তুলে নিয়ে যান। যোগাযোগ করা হলে র্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির এএসপি রবিউল হক বলেন, ‘ক্যাঙ্গারু পারভেজ (জহিরুল ইসলাম), লিটন (ইউসুফ) ও ভ্রমর (সুলতান) নামের কাউকে আমাদের বাহিনীর কেউ তুলে আনেনি। অন্যদের মতো আমরাও বিষয়টি শুনেছি।’