দুই ঘণ্টায় ‘নিয়ম রক্ষার’ নয়টি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়টি কমিটির সভা। সময় বরাদ্দ দুই ঘণ্টা। তা-ও বিরতিহীন। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিভিন্ন কমিটির মে ও জুন মাসের মাসিক সভার কথা এভাবেই নোটিশে উল্লেখ করা হয়। গতকাল মঙ্গলবার এসব সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিয়ম রক্ষা’ করতেই এসব সভা করা হয় বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সভার সময়সূচি উল্লেখ করে আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সংশ্লিষ্ট কমিটির সদস্যদের নামে নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, নির্ধারিত তারিখে বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনজিও (বেসরকারি সংস্থা) বিষয়ক, কৃষিঋণ, কারাবন্দী শিশু-কিশোর মুক্তিবিষয়ক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা, পরিবার পরিকল্পনা কমিটির সভা এবং উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। নোটিশে প্রতিটি সভার সময়কাল ১৫ মিনিট উল্লেখ করা হয়। অংশগ্রহণকারীদের ভাষ্যমতে, গতকাল নির্ধারিত সময়ে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সভা শুরু হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও বিভিন্ন কমিটির সভায় সভাপতিত্ব করেন। সভায় অংশগ্রহণকারী পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাস প্রতিরোধ, আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটি এবং উপজেলা পরিষদের সমন্বয় সভা গুরুত্বপূর্ণ। কিন্তু সময় অপর্যাপ্ত হলে কোনো সভাতেই বিস্তারিত আলোচনা সম্ভব হয় না। সংশ্লিষ্ট সদস্যদের জবাবদিহির কোনো সুযোগ থাকে না। অনেকে এসে শুধু স্বাক্ষর করে চলে যান। আজও (মঙ্গলবার) এমনটি হয়েছে। এসব সভা নিয়ম রক্ষা ছাড়া আর কিছু না।’ জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘সম্ভব হলে একাধিক দিনে সভা করা যেতে পারে। এ ছাড়া গুরুত্বপূর্ণ কমিটির সভাগুলোর সময় বাড়ানো দরকার। এ রকম হলে প্রতিটি সভা ফলপ্রসূ হবে বলে আমি মনে করি।’ ইউএনও মোহাম্মদ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নোটিশে প্রতিটি সভার সময়কাল ১৫ মিনিট উল্লেখ করা থাকলেও বাস্তবে এর চেয়ে বেশি সময় লাগে। আগামী মাসিক সভায় সময় বাড়ানোসহ একাধিক দিনে সভাগুলো করা যায় কি না, সে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’