
কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে দুটিতে খননকাজ চলায় ঘাটে ফেরি ভিড়তেও সমস্যা হচ্ছে। এ কারণে উভয় ঘাটে শত শত গাড়ি আটকা পড়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ চিত্র দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানিয়েছে, কয়েক দিন ধরে রাতে পদ্মা ও যমুনা নদী অববাহিকায় কুয়াশা পড়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে ফেরিগুলোকে খুবই সতর্কতার সঙ্গে পারাপার করতে হচ্ছে। এতে সময়মতো নির্ধারিত যানবাহন পারাপার না হওয়ায়, উভয় ঘাটে গাড়ির জট বেঁধে লম্বা লাইন তৈরি হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে গাড়ির লাইন কয়েক কিলোমিটার ছাড়িয়ে গোয়ালন্দের পদ্মার মোড় পর্যন্ত ঠেকেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গাড়ির লাইন আরও দীর্ঘ হচ্ছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, দৌলতদিয়ার চালু থাকা চারটি ঘাটের মধ্যে ১ ও ৩ নম্বর ঘাটের সামনে কয়েক দিন ধরে খননের কাজ চলছে। এ কারণে ওই দুটি ঘাটে ফেরি ঠিকমতো ভিড়তে পারছে না। বাকি দুটি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। উভয় ঘাটে গাড়ির জট তৈরির পেছনে এটিও অন্যতম কারণ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রয়োজনের তুলনায় ফেরি কম আছে। বর্তমানে ছোট-বড় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। মূলত কুয়াশা ও ঘাট স্বল্পতার কারণে রাতের বেলায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।