দুই ঘাটে ছয় ও সাত ঘণ্টা ফেরি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। মাওয়া-কাওড়াকান্দি নৌপথেও ওই রাত দুইটা থেকে সাত ঘণ্টা ফেরি ও নৌযান চলাচল বন্ধ থাকে। এতে যানবাহনের যাত্রী, চালক ও ঘাটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, শুক্রবার রাতে হঠাৎ কুয়াশা পড়তে শুরু করে। একপর্যায়ে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত আড়াইটার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে কেরামত আলী নামের একটি রো রো (বড়) ফেরি মাঝনদীতে নোঙর করে থাকে। এ ছাড়া পাটুরিয়া ঘাটে দুটি এবং দৌলতদিয়া ঘাটে নয়টি ফেরি যানবাহন বোঝাই করে পারের অপেক্ষায় থাকে এবং উভয় ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়ে।এ সময় কনকনে শীতে যাত্রী ও যানবাহনশ্রমিক ভোগান্তিতে পড়েন। বিশেষ করে শিশু ও বৃদ্ধ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। গতকাল শনিবার সকাল নয়টায় কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বলেন, ফেরি চলাচল শুরু হলে যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আগে পারাপার করা হয়। বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি কার্যালয় সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে রাত একটার পর থেকেই নৌযান চলাচল ব্যাহত হয়। দুইটার পর ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কুয়াশার তীব্রতায় নদীর মধ্যে নৌযান চলাচলের নির্দেশক বাতি ও মার্কিং পয়েন্ট দেখতে না পারায় চালকেরা ফেরি নদীর মধ্যে নোঙর করে রাখতে বাধ্য হন। মাঝ পদ্মায় শতাধিক যানবাহন ও অসংখ্য যাত্রী নিয়ে আটকা পড়ে পাঁচটি ফেরি। এ ছাড়া পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন ঘাটে পারাপারের অপেক্ষায় থাকে। বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ফেরিঘাটের এজিএম শাহনেওয়াজ চৌধুরী জানান, কুয়াশা কেটে গেলে সকাল নয়টা থেকে ফেরি চলাচল শুরু হয়। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মানিকগঞ্জ, গোয়ালন্দ (রাজবাড়ী) ও মাদারীপুর প্রতিনিধি]