বরগুনার পাথরঘাটায় মানব পাচারের অভিযোগে দুটি চক্রের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে একটি চক্রের প্রধান মো. মিজান ওরফে নোয়াখালী মিজানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী মিজান ফরাজির করা মামলায় ওই তিনজনকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।
অপর চক্রের বিরুদ্ধে মামলাটি করেন ভুক্তভোগী ইব্রাহিম হাওলাদার। এ মামলায় চক্রপ্রধান মহিম ফকিরসহ চারজন পলাতক রয়েছেন।
মানব পাচার সম্পর্কে গত ৯ ফেব্রুয়ারি ‘এবার স্থলপথে বিদেশ নিয়ে মুক্তিপণ আদায়!’ শিরোনামে প্রথম আলোর শেষের পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
পাথরঘাটা থানার ওসি জিয়াউল হক গতকাল দুপুরে বলেন, মানব পাচার প্রতিরোধ দমন আইনে দুই চক্রের ১০ জনের বিরুদ্ধে পৃথকভাবে দুটি মামলা রয়েছে। ওই মামলায় একটি চক্রের প্রধান মো. মিজান, তাঁর ভাই মো. হাসান ও তাঁদের বাবা মোস্তফা কামালকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য মামলায় চক্রপ্রধান মহিম ফকির ও তাঁর স্ত্রী মরিয়ম বেগমসহ চারজন পলাতক।
মামলার বাদী মিজান ফরাজির এজাহার সূত্রে জানা গেছে, পাথরঘাটা সদর ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের জসিম গাজী ও মিজান ফরাজিকে বিদেশে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে দেওয়া হয়। স্থানীয় মানব পাচার চক্রের প্রধান মো. মিজান ওরফে নোয়াখালী মিজান, তাঁর ভাই মো. হাসান ও তাঁদের বাবা মোস্তফা কামালসহ ছয়জন এ ঘটনায় জড়িত রয়েছেন। এ চক্র গত বছরের জুন মাসের শেষ দিকে স্থলপথে ওই দুই ব্যক্তিকে ভারতে পাচার করে দেওয়ার সময় ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। পরে ভারতে আট মাস কারাভোগ শেষে ফিরে এসে তিনি গত ২৪ মার্চ বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।
অন্য ভুক্তভোগী ও মামলার বাদী ইব্রাহিম হাওলাদার বলেন, ‘বিদেশে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আমাকে ভারতে পাচার করে দেওয়া হয়। পরে উত্তপ্ত লোহার যন্ত্রাংশ আগুনে পোড়ানোর কারখানায় চার মাস কাজ শেষে মুক্তিপণ দিয়ে দেশে ফিরেছি। মানব পাচার চক্রের দলনেতা মহিম ফকির, তাঁর স্ত্রী মরিয়ম বেগম, শ্বশুর হেমায়েত কবিরাজ ও ভাই আলম ফকিরসহ চারজন এ ঘটনায় জড়িত রয়েছেন। পাথরঘাটা থানায় ২ মার্চ ওই আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়।