মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গতকাল সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধলই ও পাত্রকলা চা-বাগানের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় ধলই চা-বাগানের ১১টি কাঁচা-পাকা ঘরে অগ্নিসংযোগ করা হয়।
আহত ব্যক্তিরা হলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পুষ্প কুমার এবং সুধা বিজয় (৪৫), বিজয় কুমার ঘোষ (২০), অজিত ভৌমিক (১৮), সাইয়ুব (১৮) ও শ্যামলাল রিকিয়াশন (২০)। সুধা বিজয়কে গুরুতর অবস্থায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর মৌলভীবাজারের নির্বাহী হাকিম নুরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদা, কমলগঞ্জ থানার ওসি নিহার রঞ্জন নাথ বিপুলসংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
স্থানীয় লোকজনের অনেকে জানান, গত শনিবার ধলই চা-বাগান মাঠে ফুটবল খেলার সময় ধলই বাগানের কিছু দর্শক পাত্রকলা চা-বাগানের কর্মচারী সুনীল গোয়ালাকে লাঞ্ছিত করেন। এ নিয়ে দুই দিন ধরে দুই চা-বাগানের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল সকালে পাত্রকলা চা-বাগানের রাখাল ছেলেরা গরু নিয়ে ধলই চা-বাগান এলাকায় যায়। এ সময় ধলই বাগানের শ্রমিকেরা তাঁদের মারধর করেন। একপর্যায়ে পাত্রকলার চা-শ্রমিকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বেলা দুইটার দিকে পাত্রকলা চা-বাগানের শ্রমিকেরা একত্র হয়ে প্রথমে ধলই চা-বাগানে ঢুকে আটটি গরু ছিনিয়ে নেন। এ সময় বাগানের ১১টি ঘরে অগ্নিসংযোগ ও লুট করা হয়।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সমস্যার সমাধানে উভয় বাগানের ব্যবস্থাপক, ইউপি চেয়ারম্যান ও নেতাদের নিয়ে বৈঠক চলছে।