দুই চা-শ্রমিকের শ্লীলতাহানি বিক্ষোভ, থানাঘেরাও
হবিগঞ্জের বাহুবল উপজেলার রামপুর চা-বাগানে শ্লীলতাহানির শিকার হয়েছে দুই কিশোরী চা-শ্রমিক। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বাহুবল মডেল থানা ঘেরাও করেন প্রায় ৪০০ নারী চা-শ্রমিক। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদিরসহ সামাজিক সংগঠনের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করেন।
বাহুবল থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রামপুর চা-বাগানের দুই কিশোরী চা-শ্রমিক কাজে যোগ দিতে গতকাল সকাল সাতটার দিকে বাড়ি থেকে বাগানের উদ্দেশে রওয়ানা হয়। রামপুর চা-বাগান নার্সারির কাছে একই উপজেলার চন্দ্রাটিকি গ্রামের রাবার ব্যবসায়ী হাবিব (৩৫) ও নুরুল (৩০) কিশোরীদের শ্লীলতাহানি করেন। এ সময় তারা চিৎকার করলে আশপাশের শ্রমিকেরা ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে ওই দুই তরুণ পালিয়ে যান। এ খবর রশিদপুর ও রামপুর চা-বাগানে ছড়িয়ে পড়লে কাজ বন্ধ রেখে শ্রমিকেরা জড়ো হন ঘটনাস্থলে। একপর্যায়ে ৪০০ নারী আড়াই কিলোমিটার হেঁটে বাহুবল মডেল থানায় পৌঁছান এবং অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাইরে ছিলেন। অন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। খবর পেয়ে বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুতাচ্ছির আলী থানায় যান। তাঁরা ও থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার শিগগিরই অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে ক্ষুব্ধ নারী চা-শ্রমিকদের শান্ত করেন।
এসআই আবুল বাশার বলেন, নারী শ্রমিকেরা এসেছিলেন ঘটনার প্রতিবাদ জানাতে। তবে তাঁরা কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।