দুই চাকায় বিজয়ানন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল–সবুজের রঙে রঙিন বিডিসাইক্লিস্টসের বিজয় রাইড। গতকাল কয়েক হাজার সাইক্লিস্ট অংশ নেন রাইডে l ছবি: প্রথম আলো
লাল–সবুজের রঙে রঙিন বিডিসাইক্লিস্টসের বিজয় রাইড। গতকাল কয়েক হাজার সাইক্লিস্ট অংশ নেন রাইডে l ছবি: প্রথম আলো

সকাল সাতটা! কুয়াশার চাদর তখনো সরেনি। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে শুরু করেছেন সাইকেল আরোহীরা। লাল-সবুজের জামা গায়ে, সাইকেলে পতাকা জড়িয়ে সাইক্লিস্টরা আসছেন। আট বছরের শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী, তরুণ-তরুণী—সব বয়সীদের সমাগমে যেন জনসমুদ্রে রূপ নেয় মানিক মিয়া অ্যাভিনিউ।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে বিজয় রাইড-২০১৫-এর আয়োজন করা হয়। বাংলাদেশে সাইক্লিস্টদের অন্যতম সংগঠন বিডিসাইক্লিস্টস এ রাইডের আয়োজন করে।
সকাল সাড়ে আটটায় মানিক মিয়া থেকে রাইড শুরু হয়। ফার্মগেট, জাহাঙ্গীর গেট, মহাখালী, গুলশান-১, হাতিরঝিল, এফডিসি, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে আবারও মানিক মিয়ায় এসে রাইডটি শেষ হয়। ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা।
বিজয় রাইডে অংশ নিতে ঢাকার বাইরে থেকেও আসেন অনেক সাইকেল আরোহী। কয়েকজনের দল করে দূর-দূরান্ত থেকে সাইকেল চালিয়ে চলে আসেন তাঁরা। কেউ আসেন অন্য যানবাহনে করে। মুন্সিগঞ্জ থেকে কয়েকজনের দল নিয়ে সাইকেল চালিয়ে এসেছেন মো. জীবন (১৮)। তিনি বলেন, ‘আমরা সেই সকালে সাইকেল চালিয়ে এসেছি। চেষ্টা করি প্রতিবছর র্যা লিতে অংশ নেওয়ার জন্য।’
১৪ কিলোমিটার সাইকেল চালিয়ে এসে বেশ ফুরফুরে লাগছে বলে অনুভূতি ব্যক্ত করলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. শাহাদত। তিনি এবারই প্রথম বিজয় রাইডে যোগ দিলেন। প্রায় একই অনুভূতি জানালেন জেরেমি তিয়াস। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ছাত্র। এর আগে তিনি তিনটি বিজয় রাইডে সাইকেল চালিয়েছেন। এবারেরটি বেশ সুশৃঙ্খল ছিল বলে মন্তব্য করলেন এই তরুণ।
কথা হয় বিডিসাইক্লিস্টসের অ্যাডমিন প্যানেলের সদস্য মাইনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘২০১২ সাল থেকে এই র্যা লির আয়োজন করে আসছি আমরা। প্রথম দিকে সাইক্লিস্টের সংখ্যা খুব কম ছিল। এখন অনেক বেড়েছে।’ সাইকেল চালানোর ইতিবাচক দিকটির কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা শহরে যানজট একটি অন্যতম সমস্যা। যানজট সমস্যা নিরসন ও পরিবেশদূষণ থেকে রক্ষা করতে সহায়ক হতে পারে সাইকেল। র্যা লির মাধ্যমে এ তথ্যই তাঁরা পৌঁছে দিতে চান সবার কাছে।
গত বছর বিজয় রাইডে আট হাজারের মতো সাইক্লিস্ট যোগ দিয়েছিলেন উল্লেখ করে বিডিসাইক্লিস্টসের মডারেটর ফুয়াদ আহসান চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, এবারও কয়েক হাজার সাইক্লিস্ট তাঁদের র্যা লিতে যোগ দিয়েছেন। সংখ্যাটা না গুনে বলা যাবে না। তবে গতবারের চেয়ে এবার সাইকেল আরোহী কম ছিলেন।