দুই চাকায় স্বদেশ ভ্রমণ
‘এগিয়ে চলেছে বাংলাদেশ: দুই চাকায় স্বদেশ ভ্রমণ’ স্লোগান সামনে রেখে আজ সোমবার থেকে শুরু হচ্ছে সাইকেল লাইফট্যুর ২০১২। এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম এই অভিযানের নেতৃত্ব দেবেন। অভিযানে প্রথম আলো বন্ধুসভার ১০ জন এবং এভারেস্ট একাডেমির ১০ জন সাইকেল অভিযাত্রী অংশ নিচ্ছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল রোববার অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এই সাইকেল ভ্রমণ দেশকে চিনতে, দেশের মানুষকে বুঝতে এবং সর্বোপরি দেশের সৌন্দর্য উপভোগ করতে সহায়তা করবে। সাইকেলে দেশ ভ্রমণের নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, এ দেশ খুব সুন্দর। সাইকেলে চড়ে এর সৌন্দর্য উপভোগের আনন্দও ভিন্ন রকম। গ্রাম, শস্যখেতের মধ্য দিয়ে সাইকেল চালানো প্রাণে অনাবিল আনন্দ এনে দেয়। প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন বলেন, সাইকেল অভিযাত্রীরা দেশের মাটি, পাহাড়-পর্বত নিজ চোখে দেখবে। এতে দেশপ্রেম বাড়বে। অন্য তরুণেরাও উৎসাহিত হবে।মুসা ইব্রাহীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেঘনা গ্রুপের পরিচালক (বিপণন) নিজাম-উল আহসান, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এইচ এম জিয়াউল হক খান বক্তব্য দেন।বক্তব্য শেষে অতিথিরা অভিযাত্রীদের সঙ্গে সাইকেল চালিয়ে এ অভিযানের উদ্বোধন করেন।প্রথম আলো বন্ধুসভা, এভারেস্ট একাডেমি, সাইকেল লাইফ ও আইডিএলসি এই অভিযানের আয়োজন করেছে। সহ-আয়োজক হিসেবে রয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। অভিযাত্রীরা ২৫ দিনে দেশের ৫০টি জেলা ভ্রমণ করবেন। এ সময় তাঁরা প্রতিদিন ১০টি করে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মুক্তিযুদ্ধের বিজয়ের বার্তা, বৃক্ষরোপণের মাধ্যমে আনন্দময় শিক্ষা, মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও অ্যাডভেঞ্চারে তরুণ সমাজকে উৎসাহী করে তুলবেন।