দুই চাচাতো ভাইসহ সাত জেলায় নিহত ৯
কুমিল্লা সদর উপজেলায় গতকাল শুক্রবার গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন দুই চাচাতো ভাই। এ ছাড়া ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও সাতজন। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে গত ৭৭ দিনে সারা দেশে সড়কে প্রাণ হারালেন অন্তত ৬৬৮ জন। প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় তালগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আরিফ হোসেন (২৮) ও সাদ্দাম হোসেন (২৭) নামের দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বাড়ি থেকে মোটরসাইকেলে করে কুমিল্লা শহরে যাচ্ছিলেন দুই ভাই। পথে উপজেলার বাঁশমঙ্গলপুর এলাকায় ওই দুর্ঘটনায় তাঁরা ঘটনাস্থলে মারা যান।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওনাটেক বাজার এলাকায় বাস চাপায় রফিকুল ইসলাম (৭০) এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে উপজেলার রাওনাটেক বাজার এলাকায় সড়কের পাশ দিয়ে হাঁটার সময় একটি বাস রফিকুলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে মারা যান। এদিকে উপজেলার সফিপুর এলাকায় সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যান চাপায় রোজিনা আক্তার (৩০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। পুলিশ কাভার্ড ভ্যান ও চালক মাসুক মিয়াকে (৩৫) আটক করেছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর শিংপাড়া গ্রামের বাসিন্দা মঞ্জুরুল ইসলাম (২৭) সকালে ট্রাক্টর চালিয়ে কচুবাড়ি এলাকায় যাচ্ছিলেন। এ সময় রাস্তায় একটি মোড়ে ট্রাক্টরটি উল্টে গেলে মঞ্জুরুল ট্রাক্টরের নিচে চাপা পড়েন। পরে তিনি হাসপাতালে মারা যান। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর ডেলটা মোড় এলাকায় সকালে গাছের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় আজগার আলী (২৭) নামের চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেবহাটা থানার ওসি মামুন-উর-রশীদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রানা হামিদ (১৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুপুরে মোটরসাইকেলে করে উপজেলার ধলা গ্রামে যাওয়ার পথে কাথুলী বিজিবি ফাঁড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাবলাগাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলে মারা যান।
বরিশালের গৌরনদী উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় দুপুরে বাস চাপায় সুমন সরদার (১৬) নামের ওই বাসের চালকের সহকারী নিহত হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, চালকের সহকারী সুমন বাসের ছাদ থেকে নামার সময় একটি অটোরিকশার সঙ্গে তার ধাক্কা লাগে, পরে সে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
নেত্রকোনা সদর উপজেলার সাকুয়া এলাকায় সাকুয়া-শ্রীধরপুর সড়কে গত মঙ্গলবার একটি ইজিবাইকের ধাক্কায় আহত শিশু স্বর্ণা (৫) গতকাল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। নিহত স্বর্ণা বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নেত্রকোনা জেলা প্রতিনিধি শামীম আহম্মদের একমাত্র মেয়ে। নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবু তাহের বলেন, ইজিবাইকের চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।