দুই চাচাতো ভাইয়ের বিরোধে অসহায় শাহপুর গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার ৯ নম্বর মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের দুই চাচাতো ভাইয়ের কাছে অসহায় হয়ে পড়েছে প্রশাসন ও গ্রামবাসী। আধিপাত্য বিস্তার নিয়ে গত চার বছরে তাঁদের অনুসারীদের মধ্যে অর্ধশতাধিকবার সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত একজন নিহত ও কমপক্ষে ২০০ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর মজিদপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) সাতবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আনু মিয়া সরকার। বয়সের ভারে ন্যুব্জ হয়ে যাওয়ার পর তাঁর ছেলে ফারুক মিয়া সরকার ২০০২ সালে ওই ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। এ বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি ফারুকের চাচাতো ভাই শাহ আলম ওরফে শান্তি। শুরু হয় দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব। ২০০৯ সালের মার্চ মাসে শাহ আলম উপজেলা আওয়ামী লীগের সদস্য হন। গত চার বছরে ওই দুই ভাই তাঁদের অনুসারীদের মধ্যে কমপক্ষে ৫০টির মতো সংঘর্ষের ঘটনা ঘটে। তাঁদের বিরোধ মেটানোর জন্য পুলিশ একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সর্বশেষ গত রোববার রাত ১২টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত শাহ আলমের বাহিনীর (এলাকায় শান্তি বাহিনী নামে পরিচিত) সদস্যরা গুলি ছোড়ার পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে ফারুকের অনুসারীদের বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। গুলিতে ফারুক মিয়ার অনুসারী দেলোয়ার হোসেন (৪২) ঘটনাস্থলে মারা যান। আহত হয় কমপক্ষে অর্ধশত ব্যক্তি। এ ঘটনায় নিহত দেলোয়ারের মা আশরা বেগম ফারুক মিয়াসহ ৫২ জনের নাম উল্লেখ করে তিতাস থানায় মামলা করেন। এ ঘটনার পর শাহপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় সোমবার থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শাহ আলম বলেন, ‘ফারুকের লোকজনই আমার অনুসারীদের ওপর হামলা করে। এ জন্য থানায় আমি ২২টি মামলা করেছি। ইউপি নির্বাচন ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে এসব ঝামেলা হচ্ছে। দেলোয়ারকে কারা হত্যা করেছে বলতে পারব না। ফারুকই এলাকায় ত্রাস সৃষ্টি করছে।’ফারুক মিয়া সরকার বলেন, ‘আমার চেয়ারম্যান হওয়ার বিষয়টি শান্তি (শাহ আলম) ভালোভাবে নেয়নি। যে কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এলাকার নিরীহ লোকজনের ওপর তাঁর বাহিনী হামলা চালাচ্ছে, লুটপাট করছে। বহিরাগত ব্যক্তিদের এনে গোলাগুলি করছে। এর প্রতিবাদ করায় সে আমাদের বিরুদ্ধে কমপক্ষে ৩২টি মামলা করেছে। চেয়ারম্যান হতে না পেরে শান্তি নিজেই এলাকায় আত্মঘাতী কাজ করছে।’ তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে ওই গ্রামের শাহ আলম এবং ফারুকের মধ্যে অসংখ্যবার সংঘর্ষ হয়েছে। তাঁদের কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছে। ফারুকের বিরুদ্ধে শাহ আলম ও তাঁর লোকজন কমপক্ষে ২৫টি মামলা করেছে। তিনি (ওসি) বেশ কয়েকবার বিষয়টি মিটমাট করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, শাহপুর গ্রামবাসী শাহ আলম ও ফারুক মিয়া সরকারের বিরোধের কারণে অতিষ্ঠ। প্রশাসন সেখানকার মানুষের নিরাপত্তা জোরদারের জন্য ব্যবস্থা নিয়েছে।