চট্টগ্রাম রেলস্টেশনের প্ল্যাটফর্মে ইঞ্জিনসহ একটি বগি উঠে যাওয়ার ঘটনায় দুই চালকে দায়ী করেছে তদন্ত কমিটি।
গতকাল রোববার রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হকের কাছে তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদনে দুই চালককে দায়ী করা হয়।
১০ ডিসেম্বর ভোরে চট্টগ্রামের পাহাড়তলী রেল রক্ষণাবেক্ষণের মার্শাল ইয়ার্ড থেকে ১৬টি কোচ (বগি) একটি শান্টিং ইঞ্জিন দিয়ে টেনে নেওয়া হচ্ছিল চট্টগ্রাম স্টেশনের দিকে। এ সময় শান্টিং ইঞ্জিন ও একটি বগি প্ল্যাটফর্মে উঠে যায়। দুর্ঘটনার পর শান্টিং ইঞ্জিনের সাব-লোকোমাস্টার এ কে এম জহিরুল হক ও সহকারী লোকোমাস্টার এমরান হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
রেলওয়ে সূত্র জানায়, তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রাশিদা গণি সুলতানা গতকাল মহাব্যবস্থাপকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত কমিটি শান্টিং ইঞ্জিনের দুই চালকের সাক্ষ্য নেয়। চালকেরা কমিটির কাছে নিজেদের দায় স্বীকার করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় দুই চালকই তন্দ্রাচ্ছন্ন ছিলেন।
মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, প্রতিবেদনে দুই চালককে দায়ী করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সুপারিশের আলোকে আরও কঠোরতর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
গত ৯ জুলাই ফৌজদারহাটে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ট্রেনের চালক উত্তম কুমার ভট্টাচার্যকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। তদন্ত কমিটি তাঁকে দায়ী করে প্রতিবেদনটি দিয়েছিল।