দুই চালকলের শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুটি চালকলের শ্রমিকদের মধ্যে সংঘর্ষে মাজু মিয়া নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পানিশ্বর বাজারসংলগ্ন পপুলার রাইস মিলের শ্রমিকসর্দার রফিকুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী সাত্তার রাইস মিলের সর্দার মাজু মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে মাজু মিয়ার ভাতিজি ও তাঁর অধীনস্থ শ্রমিক নাসিমা বেগমের সঙ্গে রফিকুল ইসলামের অধীনস্থ শ্রমিক সেলিনা বেগমের বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বেলা ১১টার দিকে দুই চালকলের অর্ধশতাধিক শ্রমিক ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১১ জন শ্রমিক আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা একটার দিকে মাজু মিয়া মারা যান।ওই দিন রাতে মাজু মিয়ার স্ত্রী সুবিকারা বেগম বাদী হয়ে রফিকুল ইসলামকে প্রধান আসামি করে মোট ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।গতকাল বুধবার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।