দুই চালকের প্রতিযোগিতা দুই টেম্পো খাদে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় দুটি টেম্পোর চালকদের প্রতিযোগিতার একপর্যায়ে দুটি টেম্পোই উল্টে সড়কের দুই পাশের খাদে পড়ে যায়।
এতে কমপক্ষে ১৫ জন আহত হন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার গোয়াতলা ইউনিয়নের ঘোগড়াপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধোবাউড়া বাসস্ট্যান্ড থেকে দুটি টেম্পো গোয়াতলা বাজারের দিকে যাচ্ছিল। আনুমানিক চারটার দিকে ঘোগড়াপাড় এলাকায় এলে টেম্পো দুটির চালক নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করেন।
এ সময় একটি রিকশাকে মাঝখানে রেখে দুই চালক একে অপরকে পেছনে ফেলতে চাইলে দুটি টেম্পোই সড়কের দুই পাশের খাদে পড়ে যায়। এতে দুই টেম্পোর কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। এ ছাড়া গুরুতর আহত দুলাল মিয়া (৬০) ও নজরুল ইসলামকে (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, টেম্পোচালক দুজনই পলাতক রয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি। তবে টেম্পো দুটি আটক করা হয়েছে।