অস্ত্রোপচারের পর বিশ্ববিদ্যালয়ছাত্র আমিনুল ইসলামের শরীর থেকে সুচ বের না করে সেলাই করার ঘটনায় অভিযুক্ত দুই চিকিত্সকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়েছে। পরে আগামী বুধবার আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।
দুই চিকিত্সক হলেন সুরমান আলী ও জাকির হোসেন। নবম দফা পেছানোর পর আজ রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে শুনানি হয়। গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং চলতি বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, সর্বশেষ জুলাই মাসে শুনানি পিছিয়েছিল।
উল্লেখ্য, ২০১২ সালের ৩০ মে বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র আমিনুল ইসলামের মলদ্বারে অস্ত্রোপচারের পর সুচ ভেতরে রেখে দেওয়ার অভিযোগ ওঠে দুই চিকিত্সকের বিরুদ্ধে। একই বছরের ৩০ জুন ভারতের অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার করে সেই সুচ বের করা হয়। এ ঘটনায় গত বছরের ২৮ জানুয়ারি ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলামের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে আদালতে মামলা করেন। তদন্ত শেষে পাঁচলাইশ থানার পুলিশ গত ৩০ মে দুই চিকিত্সকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর আজ শুনানি হয়েছে। একই সঙ্গে আসামিদের নির্দোষ দাবি করে অভিযোগ গঠন থেকে অব্যাহতির আবেদন করেন তাঁদের আইনজীবী। বুধবার আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।