দুই চিকিত্সকের বদলি ও পদায়ন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগের অধ্যাপক শামিউল ইসলামকে জাতীয় ক্যানসার ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক পদে বদলির প্রজ্ঞাপনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে শেখ গোলাম মোস্তফাকে পরিচালকের ওই পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদপ্তরে যুক্ত করার প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।

শামিউল সরকারি দলের সমর্থক চিকিত্সকদের সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) সক্রিয় সদস্য।

গত ২৭ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ওই দুই চিকিত্সকের বদলি ও পদায়ন বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এ বিষয়ে ৩ আগস্ট ‘ক্যানসার ইনস্টিটিউটের পরিচালকের পদে প্যাথলজির অধ্যাপক’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে গোলাম মোস্তফা রিট আবেদনটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী বি এম ইলিয়াস। তাঁকে সহায়তা করেন জায়েদী হাসান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

রুলে ওই প্রজ্ঞাপনটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের পার (১) অধিশাখার উপসচিব ও শামিউল ইসলামকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বি এম ইলিয়াস প্রথম আলোকে বলেন, আদালত ২৭ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন। এতে যে (ওই দুই চিকিত্সক) যেখানে ছিলেন, তাঁরা সেখানে থেকে তাঁদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।