দুই চিকিৎসককে আদালতের সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসার অভিযোগে করা কোটি টাকার ক্ষতিপূরণ মামলায় দুই চিকিৎসককে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম এ আদেশ দেন। দুই চিকিৎসক হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক বিধান চন্দ্র রায় এবং তাঁর ছেলে বিনিময় চন্দ্র রায়।
আদালত সূত্র জানায়, গত বছরের ১২ জানুয়ারি ভুল চিকিৎসার অভিযোগে ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন নগরের হাজারী লেনের ওষুধ ব্যবসায়ী শফিউল আজম। তিনি অভিযোগ করেন, দুই চিকিৎসকের ভুল চিকিৎসায় তাঁর বাঁ পায়ে পচন ধরে। পরে দুই চিকিৎসক অস্ত্রোপচার করেলও তাঁর পা ভালো হয়নি। আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দেন।
বাদীর আইনজীবী এনামুল হক প্রথম আলোকে বলেন, পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বললে তারা ঢাকায় পঙ্গু হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে বলে। গত ৪ জানুয়ারি মামলার বাদী ও দুই চিকিৎসকের জবানবন্দি দিয়ে পঙ্গু হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, চিকিৎসায় কোনো ভুল ছিল না। ৮ ফেব্রুয়ারি প্রতিবেদনটি ডাকযোগে আদালতে জমা দেওয়া হয়। গতকাল মামলার ধার্য দিনে বাদী এই প্রতিবেদনের ওপর নারাজি দেন। শুনানি শেষে আদালত দুই চিকিৎসককে হাজির হতে সমন জারি করেন।
গতকাল বিকেলে ওষুধ ব্যবসায়ী শফিউল আজম অভিযোগ করেন, দুই চিকিৎসকের ভুল চিকিৎসায় তিনি পঙ্গু হয়ে আছেন। তিনি চিকিৎসকদের বিচার চান, যেন ভবিষ্যতে আর কেউ ভুল চিকিৎসার শিকার না হয়।