দুই চিকিৎসককে কারণ দর্শাও নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলায় গতকাল রোববার সরকারি দুই চিকিৎসককে অফিস সময়ে বেসরকারি ক্লিনিকে গিয়ে রোগী দেখার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত দুই চিকিৎসক হলেন উপজেলার মধুইল উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব আলম ও শুভরাজপুর উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা কাজী আলী আফতাব।
এর আগে গত বৃহস্পতিবার রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে অফিস সময়ে বেসরকারি ক্লিনিকে গিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব (সিজার) করানোর অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, উপজেলার মধুইল ও শুভরাজপুর উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব আলম ও কাজী আলী আফতাব গত শনিবার অফিস চলাকালে নজিপুর হলি ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট রোগী দেখছিলেন। এমন তথ্য পেয়ে সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন দুপুর ১২টার দিকে ওই ক্লিনিকে গিয়ে দেখতে পান মাহবুব একজন রোগী দেখছেন এবং কাজী আফতাব একজন রোগীর আলট্রাসনোগ্রাম করছেন। সিভিল সার্জন বিষয়টি ওই দিনই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদকে জানান।
এ বিষয়ে সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন বলেন, ওই দুই চিকিৎসক অফিস সময়ে বেসরকারি ক্লিনিকে রোগী দেখছিলেন। অফিস সময়ে বেসরকারি ক্লিনিকে রোগী দেখার কারণ জানতে চেয়ে তাঁদের তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি রাজশাহী বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক তোফাজ্জল হোসেনকে শনিবারই জানানো হয়েছে। তিনি দ্রুত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, এর আগেও চিকিৎসক মাহবুবকে অফিস সময়ে বেসরকারি ক্লিনিকে গিয়ে রোগী দেখার বিষয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু তাতেও কোনো পরিবর্তন হয়নি।