চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত দুই চিকিৎসককে ছাত্রলীগের নেতা-কর্মীরা গত শনিবার রাতে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হাসপাতালে ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে গতকাল রোববার কর্মবিরতি পালন করেন হাসপাতালের অধিকাংশ চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন ও হাসপাতালের কর্মীরা জানান, ছাত্রলীগের সদর উপজেলা শাখার সহসভাপতি শাহাদাত হোসেন শনিবার রাত সাড়ে নয়টার দিকে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জাহিদুল হক খানের কক্ষে ঢুকে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে থাপড় মেরে গালাগাল শুরু করেন। এ সময় তিনি দু-তিনজন সহযোগী নিয়ে হাসপাতালে হামলা ও ভাঙচুর করেন এবং আরেক চিকিৎসক মহিউদ্দিন মারুফকে মারধর করে তাঁর শার্ট ছিঁড়ে ফেলেন।
ওই ঘটনার পর হাসপাতালের কর্মচারী ও কর্মকর্তারা শাহাদাতকে আটকে রাখেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ শাহাদাতকে আটক করে থানায় নিয়ে যায়।
হামলার ব্যাপারে শাহাদাত হোসেন দাবি করেন, তাঁর ভাগনে নোমান (২২) শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হলে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু দায়িত্বরত চিকিৎসক নোমানকে ভর্তি না করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এর কারণ জানতে চাইলে ওই চিকিৎসকের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে হাসপাতালের লোকজন তাঁকে আটকে মারধর করেন বলে তিনি অভিযোগ করেন।
হামলার প্রতিবাদে গতকাল সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত চিকিৎসকেরা হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে অবস্থান নিয়ে হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আলোচনায় বসেন। ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রদীপ কুমার দত্তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী মাসুম, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল হুদা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদসহ হাসপাতালের কর্মরত চিকিৎসকেরা। সভায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ও হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ওসি মাহবুব মোরশেদ জানান, রোগীর চিকিৎসা নিয়ে এই ঘটনা ঘটলেও সমঝোতার আশ্বাস দিয়ে ছাত্রলীগের নেতারা শনিবার রাতেই শাহাদাতকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনায় চিকিৎসকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।