দুই চিকিৎসককে মামলা থেকে অব্যাহতি
অস্ত্রোপচারের পর বিশ্ববিদ্যালয় ছাত্র আমিনুল ইসলামের শরীর থেকে সুচ বের না করার ঘটনার মামলার আসামি দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন না করে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
দুই চিকিৎসক হলেন সুরমান আলী ও জাকির হোসেন। গতকাল বুধবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন। গত রোববার অভিযোগ গঠনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন না করে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। রায়ের পর্যবেক্ষণের বিচারক উল্লেখ করেন, ‘আসামিদের বিরুদ্ধে এ অভিযোগে ফৌজদারি মামলা চলতে পারে না। ক্ষতিপূরণ মামলা হতে পারে।’ এ আদেশের বিরুদ্ধে বাদীপক্ষ আপিল করবে বলে জানান আইনজীবী।
২০১২ সালের ৩০ মে বেসরকারি এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলামের মলদ্বারে অস্ত্রোপচারের পর সুচ ভেতরে রেখে দেওয়ার অভিযোগ ওঠে দুই চিকিৎসকের বিরুদ্ধে। একই বছরের ৩০ জুন ভারতের অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার করে সেই সুচ বের করা হয়। এ ঘটনায় গত বছরের ২৮ জানুয়ারি ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলামের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে আদালতে মামলা করেন।