দুই চিকিৎসককে মারধরের প্রতিবাদে ভোলা সদর হাসপাতালে ধর্মঘট
দুই চিকিৎসককে মারধর ও এক সেবিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে ভোলা সদর হাসপাতালের চিকিৎসকেরা গত রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল সোমবার হাসপাতালের সামনে মানববন্ধন করা হয়েছে।ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আলাউদ্দিন জানান, দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রতিদিন হাসপাতালের আউটডোর বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভোলার সব হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হবে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে ভোলার চর সামাইয়্যা ইউনিয়নের মাতব্বরবাড়ির সিদ্দিকুর রহমান (৭৫) হূদেরাগে আক্রান্ত হলে মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। এ সময় হাসপাতালে হূদেরাগ ও মেডিসিনের কোনো কনসালট্যান্ট না থাকায় সবার পরামর্শে তাঁকে ওষুধ দিয়ে অক্সিজেন লাগিয়ে কেবিনে পাঠানো হয়। কিন্তু কেবিনে যাওয়ার পরপরই রোগী মারা যান।একাধিক চিকিৎসক অভিযোগ করেন, রোগীর মৃত্যুর পর তাঁর আত্মীয়স্বজন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত অবেদনবিদ মিজানুর রহমান ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শরীফ আহমেদকে মারধর করেন এবং কর্তব্যরত সেবিকাকে লাঞ্ছিত করেন।যোগাযোগ করা হলে সিদ্দিকুর রহমানের এক আত্মীয় মোশারেফ হোসেন জানান, রোগীকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অক্সিজেন ও ওষুধ দেওয়া এবং ভর্তি করাতে অলসতা করেছেন। রোগীকে কেবিনে নেওয়ার সময় চিকিৎসক রোগীর সঙ্গে যাননি। এ জন্য রোগী মারা যাওয়ার পর তাঁর আত্মীয়স্বজন ক্ষুব্ধ হয়ে চিকিৎসকের ওপর চড়াও হন।জেলা পুলিশ সুপার মো. বশির আহম্মেদ প্রথম আলোকে জানান, সিভিল সার্জনকে থানায় মামলা করতে বলা হয়েছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।