দুই চিকিৎসকের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ দুই চিকিৎসককে অপসারণের দাবি জানানো হয়েছে। তাঁদের অবহেলায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে উপজেলা শিক্ষক সমিতি। এ কারণে গতকাল বৃহস্পতিবার শহরে মিছিল করে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল দুপুর ১২টায় উলিপুর শহরে মিছিল বের করে। মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এখানে আয়োজিত প্রতিবাদ সভায় শিক্ষক সমিতির সভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক শ্যামল সরকার, প্রভাষক সরদার আল মামুন, এমএস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য হায়দার আলী প্রমুখ বক্তব্য দেন। তাঁরা ৪৮ ঘণ্টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অজয় কুমার রায় ও চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম সরদারের অপসারণ দাবি করে ইউএনও শাহিনুর আলমকে সঞ্চারকলিপি দেন। ইউএনও শাহিনুর আলম সঞ্চারকলিপি গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনা জানানোর আশ্বাস দেন। স্মারকলিপি ও শিক্ষকদের সূত্রে জানা গেছে, গত সোমবার উলিপুর স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার শিক্ষক আক্কাছ আলী কর্মস্থলে এসে বুকের ব্যথা অনুভব করেন। চিকিৎসার জন্য তাঁকে তখনই উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় রফিকুল ইসলামের পরামর্শে মার্ফি প্যাথলজি নামে একটি রোগনির্ণয় কেন্দ্রে তাঁর ইসিজি করানো হয়। সেখান থেকে ইসিজি প্রতিবেদন আনার পর তা আমলে নেননি তিনি। পরে তিনি শিক্ষক আক্কাসকে চিকিৎসা না দিয়ে পুনরায় তাঁর পরিচিত আখতারুন্নাহার ডায়াগনস্টিক সেন্টারে ইসিজি করতে পাঠিয়ে দেন। সেখানে অব্যবস্থাপনা ও অবহেলায় ওই শিক্ষক আরও অসুস্থ হয়ে পড়েন এবং বিনা চিকিৎসায় মারা যান।চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম ওই শিক্ষকের চিকিৎসায় অবহেলা করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ওই শিক্ষক আগেই মার্ফি প্যাথলজি থেকে ইসিজি প্রতিবেদন নিয়ে এসেছেন। ওই প্রতিবেদনে শিক্ষকের হূদযন্ত্রে একটি ব্লক আছে উল্লেখ করা হয়েছে। কিন্তু তাঁর কাছে প্রতিবেদন সঠিক মনে হয়নি। এ কারণে তিনি পুনরায় ইসিজি করার জন্য ওই শিক্ষককে আখতারুন্নাহার ডায়াগনস্টিক সেন্টারে পাঠান। সেখান থেকে প্রতিবেদন নিয়ে আসার সময় ওই শিক্ষক মারা যান। ওই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর কোনো স্বার্থ জড়িত নেই।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অজয় কুমার রায় দাবি করেন, চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম রোগীকে সঠিক চিকিৎসাই দিয়েছেন। রোগীর স্বজনেরা চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণ করেছেন।