রাজশাহীর বাগমারা পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্মরত দুই চিকিৎসকের মধ্যে একজন প্রেষণে এবং অন্যজন নিয়মিত কার্যালয়ে না আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন শূন্য থাকার পর দুই বছর আগে এখানে মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আলিজুল কাউছার ও মাহাবুবুল আলমকে নিয়োগ দেওয়া হয়। বাগমারায় যোগদানের কিছুদিন পরই মাহাবুবুল আলমকে প্রেষণে রাজশাহী জেলা পরিবার ও পরিকল্পনা দপ্তরে নিয়োগ দেওয়া হয়।। অপর চিকিৎসক আলিজুল কাউছার নিয়মিত কার্যালয়ে আসেন না। এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা জানান, আলিজুল কাউছারের নিয়মিত দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি সপ্তাহে মাত্র এক দিন (সোমবার) বাগমারায় দায়িত্ব পালন করেন। অন্য দিন নাটোরে ও রাজশাহী শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে দায়িত্ব পালন করেন বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আলিজুল কাউছার। তিনি দাবি করে বলেন, ‘আমি বিভিন্ন প্রশিক্ষণ ও দাপ্তরিক কাজে বাইরে থাকি।’ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, বাগমারায় প্রায় এক লাখ সক্ষম দম্পতি রয়েছেন। এখানে পাঁচ বছরের কম বয়সী শিশুদের বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। আর গর্ভবতী মায়ের চিকিৎসা ও জন্মনিবন্ধন পদ্ধতি গ্রহণকারীদেরও পরামর্শ দেওয়া হয়। এসব সেবা দেওয়ার কথা ওই দুই চিকিৎসকের। তাঁদের অনুপস্থিতির কারণে সঠিকভাবে এসব সেবা দেওয়া যাচ্ছে না। গত ৯ অক্টোবর সরেজমিনে হাসপাতালের পরিবার পরিকল্পনা বিভাগে গিয়ে বেশ কিছু মা ও শিশু রোগীর ভিড় দেখা যায়। বিভাগের পরিদর্শকের কক্ষে কিছু মা ও শিশু ঢুকে বেরিয়ে আসছে কিছুক্ষণের মধ্যেই। চিকিৎসা নিতে আসা বাগমারার প্রসূতি মেমি খাতুন জানান, হাসপাতালের পরিবার পরিকল্পনা বিভাগে তাঁদের (গর্ভবতী মা) সেবা দেওয়া হয় বলে শুনে এখানে এসেছেন। এখন তাঁকে বলা হয়েছে চিকিৎসক নেই। তাই তিনি ফিরে যাচ্ছেন। শ্রীপুর গ্রামের খোদেজা বিবি জানান, তিনি জন্মবিরতিকরণের পদ্ধতি ব্যবহার করছেন। বেশ কিছুদিন ধরে সমস্যা হওয়ায় তিনি ডাক্তারের পরামর্শ নিতে এসেছিলেন। রহিমা নামের আরেক গৃহবধূ তাঁর তিন বছরের ছেলে সাফিককে নিয়ে এখানে এসেছেন। তিনি বলেন, তাঁর ছেলের কয়েক দিন ধরে জ্বর ও পায়খানা। এখানে শিশুদের চিকিৎসা দেওয়া হয় শুনে এসেছিলেন। আজ চিকিৎসক আসবেন না বলে তাঁকে জানানো হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা খানম জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতির কারণে মা ও শিশুর চিকিৎসা তাঁরা দিতে পারেন না। তবে সাধারণ চিকিৎসা ও পরামর্শ তাঁরা দিচ্ছেন। জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমির হোসেন বলেন, তিনি চিকিৎসক আলিজুল কাউছারের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।