দুই চিকিৎসকের বিরুদ্ধে করা রিভিশন মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের পর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের শরীর থেকে সুচ বের না করার ঘটনায় দায়ের করা মামলায় অব্যাহতি পাওয়া দুই চিকিৎসকের বিরুদ্ধে করা রিভিশন মামলা খারিজ করে দিয়েছেন আদালত। দুই চিকিৎসক হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাপারোস্কোপিক জেনারেল সার্জন মো. সুরমান আলী এবং বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন জি এম জাকির হোসেন। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।

২০১২ সালের ৩০ মে এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলামের মলদ্বারে অস্ত্রোপচারের পর সুচ ভেতরে রেখে দেওয়ার অভিযোগ ওঠে দুই চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় পরের বছর ২৮ জানুয়ারি আমিনুল ইসলামের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে আদালতে মামলা করেন। তদন্ত শেষে পাঁচলাইশ থানা-পুলিশ দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে দুই চিকিৎসককে মামলা থেকে অব্যাহতি দেন। এ আদেশের পরপরই দেলোয়ারা বেগম আদালতে রিভিশন মামলা করেন।