চট্টগ্রামে ‘ভুল চিকিৎসায়’ বিচারকের স্ত্রীর মৃত্যু
দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
‘অবহেলা ও ভুল চিকিৎসায়’ এক বিচারকের স্ত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন।
মামলায় চিটাগাং পেশেন্ট কেয়ার হসপিটাল লিমিটেডের চিকিৎসক কাজল রেখা রায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিভাগের রেজিস্ট্রার দেবাশীষ তালুকদার ও পেশেন্ট কেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল জব্বারকে আসামি করা হয়েছে।
৩ জুন রাতে নোয়াখালী আদালতের সিনিয়র সহকারী জজ মোর্শেদুল আলমের স্ত্রী সায়মা সিকদার চিটাগাং পেশেন্ট কেয়ার হসপিটালে সন্তান জন্ম দেন। পরদিন ভোরে তিনি মারা যান। সেখানে তাঁর চিকিৎসায় অবহেলা হয়েছে বলে পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় সায়মা সিকদারের মা নার্গিস বেগম বাদী হয়ে গতকাল দুপুরে আদালতে মামলা করেন।
নিহত সায়মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাবার বাড়ি চট্টগ্রামের অক্সিজেন এলাকায়। শ্বশুরবাড়ি বাকলিয়ায়।
বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, চিকিৎসক কাজল রেখা রায়ের পরামর্শে তাঁর মেয়ে সায়মা সিকদারকে ৩ জুন রাত সাড়ে ১২টায় চিটাগাং পেশেন্ট কেয়ার হসপিটালে ভর্তি করান। ওই দিন রাত দেড়টায় অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন সায়মা। অস্ত্রোপচার শেষে অভিযুক্ত দুই চিকিৎসক তাঁকে জানান, তাঁর মেয়ে ও নাতি সুস্থ আছে। কিন্তু হাসপাতালের অপারেশন থিয়েটারে সায়মার খিঁচুনি শুরু হয়। উন্নত চিকিৎসার জন্য স্বজনদের পক্ষ থেকে চিকিৎসক দেবাশীষকে বিষয়টি জানানো হয়। কিন্তু তিনি তাঁদের বক্তব্য আমলে নেননি। একজন নার্সকে দায়িত্ব দিয়ে বাসায় চলে যান।
বাদী উল্লেখ করেন, ৪ জুন সকাল ছয়টায় সায়মার অবস্থার অবনতি হলে চিকিৎসক কাজল রেখা রায় ও হাসপাতালের এমডি আবদুল জব্বারকে ডাকা হয়। এ সময় ওই দুজন হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসককে ডেকে আনেন। ওই বিশেষজ্ঞ চিকিৎসক সায়মাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করার পরামর্শ দেন। কিন্তু চিটাগাং পেশেন্ট কেয়ার হসপিটালে আইসিইউর সুবিধা ছিল না। পরে তাঁরা সায়মাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা জানান, সকাল সাড়ে ছয়টায় তাঁর মৃত্যু হয়েছে।
নিহত সায়মার মা নার্গিস বেগম গতকাল আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তাঁর মেয়ের এমন মৃত্যুর জন্য দোষী ব্যক্তিদের বিচার দাবি করেন।