দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতের কবজির শৈল্য চিকিৎসার জন্য ফরিদপুরের একটি ক্লিনিকে ১০ বছরের শিশু অভিকে অজ্ঞান করার পর তার মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গত ২৮ জুন এজাহারটি থানায় জমা দেওয়া হলেও গত মঙ্গলবার মামলাটি নথিভুক্ত করা হয়। অভির বাবা মো. ইউসুফ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।মামলার দুই আসামি হচ্ছেন অভিকে অ্যানেসথেসিয়া প্রদানকারী চিকিৎসক ফরিদপুর পুলিশ লাইনস হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রেজাউল করিম ও অর্থোপেডিক সার্জন অনাদি রঞ্জন মণ্ডল।মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল পরিদর্শন করে উপাত্ত সংগ্রহ করা হয়েছে।গত ১১ জুন খেলতে গিয়ে বাম হাতের কবজিতে আঘাত পায় রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউসুফ-জলি দম্পতির একমাত্র ছেলে ফিরোজ মাহমুদ (অভি)। গত ২৬ জুন ফরিদপুরের দেশ ক্লিনিকে চিকিৎসা করার জন্য তাকে অজ্ঞান করা হয়। কিন্তু শৈল্য চিকিৎসার পর অভির আর জ্ঞান ফিরে আসেনি।১ জুলাই প্রথম আলোয় ‘জ্ঞান ফিরল না ছোট্ট অভির’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।