দুই চেয়ারম্যানের দখলে খাস পুকুর
মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাট বাজার এলাকায় উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাজার কমিটি একটি সরকারি পুকুর অবৈধভাবে ভরাট করছে বলে অভিযোগ উঠেছে। ভরাটের পর এখানে দোকানঘর বরাদ্দ দেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে আজিম বলেন, মোল্লারহাট কালকিনি থেকে অনেক দূরে হওয়ায় খবর পেতে বিলম্ব হয়। তবে ওই পুকুর কারও নামে বরাদ্দ দেওয়া হয়নি। ভরাটের খবর পাওয়ামাত্র ১২ সেপ্টেম্বর মাদারীপুর থেকে ম্যাজিস্ট্রেট গিয়ে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেছেন। ১৮ সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আদালত আবার অভিযান চালিয়ে খননযন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ মালামাল জব্দ করেছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারের পাশে রামারপোল মৌজার ১ নম্বর খতিয়ানের ৮৬২ নম্বর দাগে ৬০ শতাংশ জমিতে একটি সরকারি পুকুর (খাস) রয়েছে। এটি কারও নামে বরাদ্দ নেই।
গত শনিবার (১৪ সেপ্টেম্বর) ঘটনাস্থলে স্থানীয় বেশ কয়েকজন জানান, প্রায় ২০০ বছরের পুরোনো ওই বাজারের পাশের এ পুকুর বাজার কমিটির লোকজনের সহযোগিতায় উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও কয়ারিয়া ইউপির চেয়ারম্যান নূর মোহামঞ্চদ মোল্লার উদ্যোগে ভরাট করা হচ্ছে। পুকুরটির প্রায় ৮০ ভাগ ভরাট করা হয়েছে। ভরাটের পর প্রায় ১০০ দোকানঘর করে সেগুলো বরাদ্দ দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে কয়ারিয়া ইউপির চেয়ারম্যান নুর মোহামঞ্চদ মোল্লা বলেন, ‘আমরা পুকুর ভরাটের পরে এখানে চান্দিনা ভিটা হিসেবে সরকারিভাবেই দোকান বরাদ্দ দেব। তবে যাঁরা দোকান নেবেন, তাঁদের কাছ থেকে টাকা নিয়ে পুকুর ভরাট করা হচ্ছে। পুকুর ভরাট করতে নয় লাখ টাকা লাগবে। এ পর্যন্ত সাত লাখ টাকা তুলেছি। এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই।’
মোল্লারহাট বাজার কমিটির সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা বলেন, উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় পুকুর ভরাট করা হচ্ছে। উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক বলেন, ‘আমি পুকুর ভরাট করছি না।’
কয়ারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন বলেন, ‘উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান যৌথভাবে সরকারি ওই পুকুরটি ভরাট করছেন। শুনেছি, ওখানে দোকানঘর নির্মাণ করে বরাদ্দ দেওয়া হবে। এটা করার কোনো বিধান নাই; সম্পূর্ণ অবৈধ।’