দুই চেয়ারম্যান প্রার্থী আটক, জরিমানা দিয়ে মুক্ত
ফেনীর দাগনভূঞা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন গতকাল বৃহস্পতিবার বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালে সিন্দুরপুর ইউনিয়নে দুজন চেয়ারম্যান পদপ্রার্থীসহ তিনজনকে আটক করেন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট। পরে তাঁরা জরিমানা দিয়ে মুক্তি পান। এ ছাড়া গত বুধবার রাতে রাজাপুর এলাকায় ১৮ জন বহিরাগত যুবককে অনুপ্রবেশের অভিযোগে আটক করে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেন।গতকাল দাগনভূঞা উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটার ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে এসব কথা জানা যায়। গতকাল সিন্দুরপুর ইউনিয়নের অলাতলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে যুবলীগ নেতা কাজলকে এবং বিকেলে সত্যপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নূরনবী ও অপর প্রার্থী শহীদ হোসেন ওরফে রানাকে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আটক করেন।ম্যাজিস্ট্রেট শুকরিয়া পারভিন ভোটকেন্দ্র থেকে তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। সন্ধ্যায় তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ করে তাঁরা মুক্তি পান।এর আগে বুধবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর এলাকায় ১৮ জন বহিরাগত যুবককে আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক জালাল উদ্দিন তাঁদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন। তাঁরা হলেন মো. তরিকুল ইসলাম, সৈকত, মাসুদ পারভেজ, আলাউদ্দিন, মো. রুবেল, মো. বাহার, মো. সোহাগ, মো. শাহজাহান, মো. ইমরান, মো. মামুন, মো. গোলাপ হোসেন, ফজলুল হক, মো. শুরফুল ইসলাম, মো. সাহাব উদ্দিন, মো. আবুল কাশেম, মো. সোহাগ, সাফকাত কাউছার ও ছালাউদ্দিন। তাঁদের সবার বাড়ি ফেনীর মহিপাল ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। গতকাল বৃহস্পতিবার তাঁদের ফেনী কারাগারে পাঠানো হয়েছে।