কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থীকে সতর্কীকরণ নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
গতকাল বুধবার সন্ধ্যায় বড় মহেশখালী ও হোয়ানক ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রিয়াদুল কুদ্দুস দুই প্রার্থীর বরাবরে সতর্কীকরণ নোটিশ পাঠান। ওই দুই প্রার্থী হলেন আওয়ামী লীগের মোহাম্মদ শরীফ বাদশাহ ও স্বতন্ত্র এনায়েত উল্লাহ।
রিটার্নিং কর্মকর্তা ও মহেশখালী উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস বলেন, ওই দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় বেশ কয়েকবার মিছিল করেছেন। এ নিয়ে তাঁদের দুবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কাজ হয়নি। সামনে আচরণবিধি লঙ্ঘন না করতে দুই প্রার্থীকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে। এরপরও আচরণবিধি না মানলে তাঁদের প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, আচরণবিধি লঙ্ঘন করে গত সোমবার রাতে মোহাম্মদ শরীফ বাদশাহ ও এনায়েত উল্লাহর সমর্থকেরা এলাকায় মিছিল করেন। ওই সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত মঙ্গলবার দুই চেয়ারম্যান পদপ্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। গতকাল বিকেলে তাঁরা নোটিশের জবাব দিয়েছেন।