দুই চেয়ারম্যান প্রার্থীর পুনরায় ভোট গ্রহণের দাবি
ভোলার দুই উপজেলার দুই চেয়ারম্যান পদপ্রার্থী আটটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। গত শুক্রবার তাঁরা পৃথক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।ভোলা সদর উপজেলার চর সামাইয়্যা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ওলিউল্যাহ দুলাল মহাজন লিখিত বক্তব্যে বলেন, ‘সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. ইউনুস তাঁর ভাগ্নিজামাই মহিউদ্দিন মাতব্বরের পক্ষে প্রশাসনকে ম্যানেজ করে ভোট গণনায় কারচুপি করিয়ে জিতিয়েছেন। ১, ২ ও ৩ নম্বর কেন্দ্রে আমার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। তার পরও তিনটি কেন্দ্রে ভোট বেশি পেয়েছি। কিন্তু গণনার সময় ছলচাতুরি করে আমাকে ২৯৯ ভোট কম পাইয়ে পরাজিত করেছে। এ তিনটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ দাবি করছি।’একই ধরনের অভিযোগ করেছেন দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সফিজল ইসলাম। জেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, পুনরায় ভোট গ্রহণের জন্য যেকোনো প্রার্থী নির্বাচন ট্রাইব্যুনালে ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন।