দুই চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে যুবলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিদুল ইসলাম, রায়নগর ইউপির চেয়ারম্যান ফিরোজ আহম্মেদসহ হত্যা মামলার সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে উপজেলা যুবলীগ। এ দাবিতে গতকাল বুধবার যুবলীগের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন।
জলাশয় দখলকে কেন্দ্র করে ৫ মার্চ ধারালো অস্ত্রর আঘাতে বিহার ইউনিয়ন যুবলীগের সদস্য ওমর ফারুক খুন হন। এ ঘটনায় ওই দুই ইউপির চেয়ারম্যানসহ ২৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। মামলার মূল আসামিরা এখনো গ্রেপ্তার হননি।
উপজেলা যুবলীগ সূত্রে জানা গেছে, মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় উপজেলা যুবলীগের সভাপতি আবদুস ছাত্তার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খ ম শামীম, উপজেলা যুবলীগের সহসভাপতি হারুন-উর-রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শিবলী প্রমুখ।
সভা থেকে ঘোষণা করা হয়, আসামিদের গ্রেপ্তার করা না হলে ২০ মার্চ থানার সামনে প্রতিবাদ সভা করে সেখান থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
আবদুস ছাত্তার বলেন, ‘মূল আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ‘আসামিদের ধরতে ওসির নির্দেশে তিনটি টিম গঠন করে চিরুনি অভিযান চালানো হচ্ছে। আশা করা যায় অচিরেই আসামিরা গ্রেপ্তার হবে।’