দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, দরিদ্রদের কাজ বন্ধ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কাজ করে টাকা না পেয়ে কষ্টে আছে অতিদরিদ্র ৪৭৮ জন শ্রমিকের পরিবার। ভাগবাটোয়ারা নিয়ে উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্বের কারণে তাঁরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা। দ্বন্দ্বের কারণে কাজও বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, সরকার অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের একটি প্রকল্প চালু করেছে। এর আওতায় শ্রমিকেরা দৈনিক ১৭৫ টাকা মজুরিতে ৪০ দিনের কাজ পাবেন। কালীগঞ্জের ১১টি ইউনিয়নে ৪৭৮ জন শ্রমিক ২৬ নভেম্বর থেকে কাজ শুরু করেন। সাত দিন চলার পর হঠার্যা তাঁদের কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি তাঁদের পাঁচ দিনের পারিশ্রমিকও দেওয়া হয়নি।একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে জানান, এই প্রকল্প বাস্তবায়নের ক্ষমতা ইউনিয়ন পরিষদের। স্থানীয় সুধীজনদের নিয়ে একটি বাস্তবায়ন কমিটি রয়েছে। ওই কমিটি ইউনিয়নে পৃথক তিনটি বাস্তবায়ন কমিটি করে তাদের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করবে। উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রসুল জানান, উপজেলা প্রকল্প কর্মকর্তা শরিফ আহম্মেদের নির্দেশ পেয়ে তাঁরা বাস্তবায়ন কমিটির সভা করেন। এরপর শ্রমিকদের একটি তালিকা প্রকল্প অফিসে জমা দেন। তারপর প্রকল্প কর্মকর্তার নির্দেশে ২৬ নভেম্বর থেকে কাজ শুরু করেন। তাঁর ইউনিয়নে ৩০ জন শ্রমিক পাঁচ দিন কাজ করেছেন। এসব কাজের মধ্যে ছিল বিভিন্ন রাস্তার অবকাঠামো উন্নয়ন। গোলাম রসুল আরও জানান, পাঁচ দিন কাজ করার পর হঠার্যা উপজেলা প্রকল্প কর্মকর্তা শরিফ আহম্মেদ রুবেল তাঁদের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন। শ্রমিকেরা ৩০ নভেম্বর ব্যাংকে গিয়ে হিসাব খুলে অপেক্ষায় ছিলেন টাকা পাওয়ার আশায়। সারা দিন বসে থাকার পর সন্ধ্যায় তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে, উপজেলা থেকে বিল না আসায় টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। গোলাম রসুল জানান, প্রকল্প অফিসে যোগাযোগ করা হলে জানানো হয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আজিমের নির্দেশে প্রকল্প অফিস থেকে বিল ছাড়া হয়নি। প্রায় ১০ দিন পার হলেও এখনো শ্রমিকেরা টাকা পাননি। ফারাসপুর গ্রামের শ্রমিক দাউদ হোসেন জানান, ধারদেনা করে কোনো রকমে বেঁচে আছেন। আশা আছে, টাকা পেলে ধার পরিশোধ করবেন। কিন্তু টাকা পেতে দেরি হওয়ায় পাওনাদার গালমন্দ করছেন। একাধিক ইউপি চেয়ারম্যান জানান, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিম চেয়েছিলেন তাঁর পছন্দের লোকজন কাজে নিয়োগ করতে। সেটা ব্যর্থ হওয়ায় তিনি প্রকল্প কর্মকর্তার টেলিফোন-নির্দেশে এই কাজ বন্ধ করে দিয়েছেন। সিমলা-রোকনপুর ইউনিয়নের একটি প্রকল্প কমিটির সভাপতি ইউপি সদস্য ইমদাদুল হক জানান, সাধারণত এ কাজে সপ্তাহে এক দিন টাকা তোলা হয়। টাকা না পেয়ে দরিদ্র শ্রমিকেরা চাপ দিচ্ছেন। নিয়ামতপুর ইউনিয়নের সদস্য রবিউল ইসলাম জানান, তিনিও শ্রমিকদের ব্যাংকে নিয়ে ফেরত এসেছেন। সোনালী ব্যাংকের চাপরাইল শাখার ব্যবস্থাপক সুনীল কুমার বিশ্বাস জানান, শ্রমিকদের টাকা ব্যাংকে চলে এসেছে। কিন্তু বিলের তালিকা (শিট) না আসায় দিতে পারছেন না। উপজেলা প্রকল্প কর্মকর্তা শরিফ আহম্মেদ রুবেল জানান, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানের মধ্যে সমন্বয়ের সমস্যা দেখা দিয়েছে। এ জন্য কাজটি আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে যাঁরা কাজ করেছেন, তাঁদের টাকা আটকে রাখা হবে না। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিমও এই টাকা পাওয়ার বিষয়টি তিনি দেখবেন বলে জানিয়ে বলেন, ইউপি চেয়ারম্যানরা এই প্রকল্পটির বিষয়ে তাঁকে কিছুই জানাননি। তা ছাড়া বাস্তবায়ন কমিটির সভা না করে চেয়ারম্যানরা তাঁদের ইচ্ছামতো নাম বসিয়ে কাজ শুরু করেছেন। তাঁদের অনেকে কাজের সঙ্গেও জড়িত নন। এ কারণে তিনি আপাতত কাজটি বন্ধ রেখে খোঁজ নিতে বলেছেন।