দুই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন যুবলীগের সদস্য ওমর ফারুক খুনের ঘটনায় ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার গভীর রাতে নিহত যুবলীগ নেতার ভাই নয়ন ইসলাম শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
আসামিদের মধ্যে রয়েছেন রায়নগর ইউপির চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ ও বিহার ইউপির চেয়ারম্যান মহিদুল ইসলাম। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সংসারদীঘি গ্রামের উত্তম কুমার মালী, বিপ্লব কুমার দাস এবং আলীগ্রাম গ্রামের শাহীন ইসলাম।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সংসারদীঘি গ্রামে সংসারদীঘি জলাশয় জোর করে দখলে নিয়ে মাছ চাষ করছিলেন ফিরোজ আহম্মেদ। তাঁর সঙ্গে জলাশয়ের প্রকৃত মালিকদের টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত রোববার সন্ধ্যায় ফিরোজ আহম্মেদ মহিদুল ইসলামসহ কয়েকজনকে নিয়ে সংসারদীঘি বাজারে আসে। একপর্যায়ে মালিকপক্ষের মেহেদুল ইসলামকে ছুরিকাঘাত করে তারা। বিহার ইউনিয়ন যুবলীগের সদস্য ওমর ফারুক বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করা হয়। পরে ওমর ফারুককে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক জাহিদ হোসেন বলেন, এই খুনের ঘটনায় ওই দুই চেয়ারম্যানসহ সব আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।