দুই চোখ উৎপাটন মামলায় আটজনের যাবজ্জীবন
পটুয়াখালীতে দুই চোখ উৎপাটন মামলার আটজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ বকাউল গতকাল বৃহস্পতিবার এই রায় দেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন লম্বা বশীর, আলমগীর, নাসির, কালাই, সুলতান, বজলু, হালিম ও শাহ আলম। তাঁদের মধ্যে শেষের পাঁচজন পলাতক রয়েছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকার দীন ইসলামের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী মিলি বেগমের বাবার দ্বন্দ্ব ছিল। ২০০৬ সালের ২১ নভেম্বর এ নিয়ে সালিসের কথা বলে দীন ইসলাম তাঁর ছোট ভাই, ছেলে-মেয়েসহ সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচন্না গ্রামে রওনা দেন। পথে উল্লিখিত আসামিরা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে তাঁকে ট্রলারে উঠিয়ে পায়রা নদীর পশ্চিম পারে চরে নামিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। একপর্যায়ে দীন ইসলাম অচেতন হয়ে পড়লে আসামিরা চাকু দিয়ে তাঁর দুটি চোখ উপড়ে ফেলে। এ ব্যাপারে দীন ইসলামের ছোট ভাই কালাম মৃধা বাদী হয়ে ২০০৬ সালের ২৯ নভেম্বর ৩৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।