দুই চোখ উৎপাটনের মামলাও রাজনৈতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ইউপি সদস্য আবদুল হামিদ মৃধার দুই চোখ উৎপাটনের মামলাটি রাজনৈতিক বিবেচনায় হয়রানিমূলক হিসেবে প্রত্যাহারের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১ এপ্রিল সকালে দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া ওমেদ আলীর পাড়া এলাকায় দৌলতদিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হামিদ মৃধার (৫০) দুই চোখ উৎপাটন করে সন্ত্রাসীরা। পরের দিন তাঁর বড় ছেলে আক্তারুজ্জামান মৃধা গোয়ালন্দ ঘাট থানায় ১৪ জনকে আসামি করে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) কামাল এজাহারভুক্ত ১৪ জনসহ ১৫ জনের বিরুদ্ধে ওই বছর ২০ জুলাই অভিযোগপত্র দাখিল করেন। পরের বছরের ৮ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা জজ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচারাধীন থাকা অবস্থায় গত বছরের ২৯ নভেম্বর সরকারি কৌঁসুলি (পিপি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক মামলাটি না চালানোর বিষয়টি আদালতকে অবহিত করেন এবং মামলাটি প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। পিপি ও জেলা রাজনৈতিক মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটির সদস্য শেখ ফরিদ উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, আসামিরা রাজনৈতিক মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটির কাছে আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশমালা পাঠানো হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী বলেন, ‘যতটুকু জানি, ঘটনাটি প্রধানত স্থানীয় জমিজমা-সংক্রান্ত বিরোধই ছিল, কোনো রাজনৈতিক কারণ নয়।’ মামলার বাদী আক্তারুজ্জামান মৃধা বলেন, মামলাটি প্রত্যাহার হলে আইন ও ন্যায়বিচারের প্রতিবন্ধকতার উদাহরণ হয়ে থাকবে এবং তাঁরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন।