দুই চোরকে ছিনিয়ে নিতে ইউপি কার্যালয়ে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় গরু চুরির অভিযোগে আটক করে নিয়ে আসা দুই তরুণকে ছিনিয়ে নেওয়ার জন্য গুনাহার ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে সোমবার হামলা চালানো হয়েছে। চোরদের পক্ষে কথা বলার অভিযোগে এলাকাবাসী ঘটনাস্থলে আসা পুলিশ সদস্যদের ওই কার্যালয়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।ইউপি কার্যালয়ে হামলা চালানোর অভিযোগে পুলিশ স্থানীয় পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন ঝাঝিরা গ্রামের আবদুর রাজ্জাক, দুলাল হোসেন, মুক্তার হোসেন, জিলু ও রসুল।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার উপজেলার ঝাঝিরা দক্ষিণপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের একটি গরু চুরি হয়। এ অভিযোগের ভিত্তিতে ওই ইউপির নবনির্বাচিত সদস্য মনোয়ার হোসেন সোমবার ঝাঝিরা গ্রামের বাবলু ফকির ও বাবুল হোসেন প্রামাণিককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ইউপি কার্যালয়ে নিয়ে আসেন। খবর পেয়ে ওই তরুণদের আত্মীয়রা ইউপি কার্যালয়ে হামলা চালায়। এ সময় ইউপি সদস্যদের মারধর করলে চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে। পরে পালিয়ে যাওয়ার সময় তাঁরা পাঁচজনকে আটক করে।বিকেল সাড়ে পাঁচটায় দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে ঘটনাস্থলে এলে এলাকাবাসী তাঁদের ধাওয়া করে। পুলিশ প্রাণভয়ে ইউপি কার্যালয়ে একটি কক্ষে আশ্রয় নেয়। রাত সাড়ে আটটায় বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আশরাফুল ইসলাম ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা ওই সব পুলিশের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জনতা শান্ত হয়। পরে পুলিশ সদস্যদের তাঁরা উদ্ধার করে নিয়ে আসেন।এ ঘটনায় সোমবার রাতেই দুপচাঁচিয়া থানায় গরুর মালিক তোফাজ্জল হোসেন এবং ইউপি সদস্য মনোয়ার হোসেন দুটি মামলা করেন। পুলিশ চুরির অভিযোগে আটক বাবলু ও বাবুল হোসেন এবং হামলার অভিযোগে আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার জেলহাজতে পাঠিয়েছে।সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম বলেন, পুলিশ চোরদের পক্ষ নেওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আটক চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসআই আবদুর রশিদ চোরদের পক্ষে কথা বলার অভিযোগ অস্বীকার করেছেন।