সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সোমবার বার্ষিক পরীক্ষা বর্জন করে। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় বেশ কয়েকটি যানবাহন ও দোকানপাট ভাঙচুর করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র নাহিদ হোসেন ও রতন সরকার নিহত হয়। গতকাল পরীক্ষা চলাকালে এ খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে হলের বাইরে চলে আসে। বেলা ১১টার দিকে সাহেববাজার বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে থাকা কয়েকটি যানবাহন ও সড়কের পাশের কয়েকটি দোকানপাট ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা চলছিল। কিন্তু পরীক্ষা চলাকালে আগের দিনের দুর্ঘটনার খবর সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে পরীক্ষার খাতা রেখেই প্রথমে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা বাইরে চলে যায়। পরে অন্য শ্রেণির শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেয়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করলে তারা মহাসড়ক থেকে চলে যায়।
রোববার দুর্ঘটনায় নিহত নাহিদের বাবা আনসার আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় বাসচালকের বিরুদ্ধে মামলা করেছেন। বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পলাতক।