সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যা মামলায় অভিযুক্ত নয়জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ (চার্জ) গঠন হবে ৩০ সেপ্টেম্বর। গতকাল বৃহস্পতিবার সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি নথিভুক্ত হলে বিচারক অভিযোগ গঠনের ওই তারিখ ধার্য করেন। আদালত সূত্র জানায়, আসামিপক্ষের আইনজীবীরা এ সময় আসামিদের জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। পরে অভিযোগ গঠনের তারিখ ধার্য করা হয়। সিলেটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. শামসুল ইসলাম ৩০ সেপ্টেম্বর অভিযোগ গঠনের দিন নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১১ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট সদর উপজেলার বাদাঘাটের চেঙ্গেরখালে নৌভ্রমণে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবীর বখাটে ও দুর্বৃত্তদের হামলায় নিহত হন।