দুই ছাত্র হত্যা মামলার রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের দুই ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবির হত্যা মামলার রায় দেওয়া হবে আজ বৃহস্পতিবার।
সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে গত ২৮ নভেম্বর মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার তারিখ ধার্য করা হয়। ওই ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি কিশোর কুমার কর আজ রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমরা মামলার অভিযোগ সুষ্ঠুভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাই আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছি।’
২০১১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে দীপঙ্কর ও খায়রুল বন্ধুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশে সুরমা নদীর শাখা চেঙ্গের খালে নৌকা ভ্রমণে গিয়ে বখাটেদের হামলায় নিহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন প্রথমে নগরের জালালাবাদ থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে হত্যা মামলা করেন। পরে ২৩ ডিসেম্বর বাদাঘাট এলাকাবাসী উদ্যোগী হয়ে হামলাকারী বখাটেদের আটক করে পুলিশে সোপর্দ করেন। এলাকাবাসীর এমন উদ্যোগে বিচারপ্রক্রিয়া দ্রুত হয়।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা নৌকার মাঝি গুলজার আহমদসহ নয়জনকে আসামি করে বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত বছরের ১৯ জুন অতিরিক্ত মুখ্য বিচারিক আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি অতিরিক্ত বিশেষ জজ আদালতে মামলার অভিযোগ গঠন হলে ২৫ মে মামলাটি সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। ১৮ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষে ২০ নভেম্বর সাফাই সাক্ষ্য হয়। ২৮ নভেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনালের বিচারক ১৯ ডিসেম্বর মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন।