দুই ছাত্র হত্যা মামলার রায় ১৯ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের দুই ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবির হত্যা মামলার রায় আগামী ১৯ ডিসেম্বর ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এই তারিখ ধার্য করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দীপঙ্কর ও খায়রুল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। গতকাল বিকেলে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ ১৯ ডিসেম্বর মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন।
যোগাযোগ করা হলে রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) কিশোর কুমার কর প্রথম আলোকে বলেন, ‘আশা করি, আমরা মামলাটি আদালতে সুষ্ঠুভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাই আসামিদের সর্বোচ্চ শাস্তি আদালতে দাবি করেছি।’
মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছয় সহপাঠীসহ আটজন সিলেটের চেঙ্গেখাল নদীতে নৌকা ভ্রমণে যান। এ সময় দুর্বৃত্তদের হামলায় দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবির নিহত হন। এ ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় একটি হত্যা মামলা করেন। নৌকার মাঝি গুলজার আহমদসহ নয়জনের বিরুদ্ধে বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। গত বছরের ১৯ জুন অতিরিক্ত মুখ্য বিচারিক আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি অতিরিক্ত বিশেষ জজ আদালতে মামলার অভিযোগ গঠন করা হয়। ২৫ মে মামলাটি সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলার আট আসামি উচ্চ আদালত থেকে জামিনে ও একজন পলাতক রয়েছেন।