সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের দুই ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবির হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ গতকাল রোববার শেষ হয়েছে। দীপঙ্কর ও খায়রুলের সহপাঠী ঘটনার প্রত্যক্ষদর্শী জাহিদ রহমান সর্বশেষ সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন।
২০১১ সালের ১৬ ডিসেম্বর সিলেটের চেঙ্গেরখালে নৌকাভ্রমণে যান বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাঁদের সঙ্গে দীপঙ্কর ও খায়রুল ছিলেন। তখন দুর্বৃত্তদের হামলায় দীপঙ্কর ও খায়রুল নিহত হন। ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নৌকার মাঝি গুলজার আহমদসহ নয়জনকে আসামি করে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত বছরের ১৯ জুন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি অতিরিক্ত বিশেষ জজ আদালতে মামলার অভিযোগ গঠন করা হয়। এ বছরের ২৫ মে মামলাটি সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়ে বিচার কার্যক্রম শুরু হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথের আদালতে জাহিদ সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। তিনি ঘটনার বর্ণনা দিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ছয় আসামিকে শনাক্ত করেন। এ ছয় আসামি হলেন নৌকার মাঝি গুলজার আহমদ, ছইল মিয়া, শাহীন আহমেদ, লাল মিয়া, ছাইমুদ্দিন ও জামাল মিয়া। জাহিদ প্রায় এক ঘণ্টা ওই দিনের ঘটনার বর্ণনা দেন। এ সময় দীপঙ্কর ঘোষের বাবা দীপক ঘোষও আদালতে উপস্থিত ছিলেন। পরে জাহিদকে আসামিপক্ষের আইনজীবী জেরা করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সিলেটের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) কিশোর কুমার কর জানান, গতকাল মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।