দুই ছাত্র হত্যা মামলায় নয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের দুই ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবির হত্যা মামলায় নয় আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন নৌকার মাঝি গুলজার আহমদ (৩৭), ছইল মিয়া (৩২), শাহীন আহমেদ (১৯), লাল মিয়া (২৩), ছাইমুদ্দিন (২২), জামাল মিয়া (২৫), রকিব মিয়া (১৯), মো. আবদুল্লাহ (২৫) ও সেলিম মিয়া (২২)।  এঁদের মধ্যে গুলজার আহমদ ও রকিব মিয়া পলাতক রয়েছেন।

আজ দুপুর ১২টা ২০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। এর পাঁচ মিনিটের মধ্যে কারাগারে আটক থাকা সাত আসামিকে একে একে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছয় সহপাঠীসহ আটজন সিলেটের চেঙ্গেখাল নদীতে নৌকা-ভ্রমণে যান। এ সময় দুর্বৃত্তদের হামলায় দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবির নামে দুই শিক্ষার্থী নিহত হন।

ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় একটি হত্যা মামলা করেন। নৌকার মাঝি গুলজার আহমদসহ নয়জনকে আসামি করে বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে গত বছরের ১৯ জুন অতিরিক্ত মুখ্য বিচারিক আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি অতিরিক্ত বিশেষ জজ আদালতে মামলার অভিযোগ গঠন করা হয়। ২৫ মে মামলাটি সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ১৮ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২৮ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়। যুক্তি-তর্ক উপস্থাপন শেষে ওই দিনই  বিচারক দিলীপ কুমার দেবনাথ ১৯ ডিসেম্বর মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন।

এ মামলায় আট আসামি উচ্চ আদালত থেকে জামিনে এবং একজন পলাতক ছিলেন। রায়ের তারিখ ঘোষণার দিন থেকে মাঝি গুলজার আহমদ পলাতক হন।