দুই ছাত্র হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যার ঘটনায় সোহেল মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে সিলেট সদর উপজেলার নলকুট হাওরের পার্শ্ববর্তী এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এদিকে দুই ছাত্র হত্যা মামলার এক আসামিকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।দুই ছাত্র হত্যার ঘটনায় এ পর্যন্ত সোহেল মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ছয়ফুল মিয়া নামের একজনকে আটক করে র‌্যাব। এর আগে শুক্রবার রাতে নৌকার মাঝি গুলজার মিয়াকে আটক করা হয়েছিল।পুলিশ জানায়, দুই ছাত্র হত্যার ঘটনায় মামলা করার পর গুলজার মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর র‌্যাব সদস্যরা ছয়ফুল মিয়াকে পুলিশের কাছে সোপর্দ করার পর তাঁকেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ সূত্রের দাবি, গুলজার মিয়া ও ছয়ফুলের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। পুলিশের দাবি, নৌকার মাঝির সহায়তায় চেঙ্গেরখালের পাশের গ্রাম নীলগাঁওয়ের সাত ব্যক্তি হত্যাকাণ্ডে অংশ নেয়। তাদের মধ্যে ছয়ফুল ও সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, ‘গুলজার ও ছয়ফুলের দেওয়া তথ্যমতে, সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’এদিকে মামলার প্রধান আসামি নৌকার মাঝি গুলজার মিয়াকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ মো. দিলজার হোসেন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।