দুই ছাত্রকে অপহরণ, ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এসএসসি পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থীকে ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে। এদিকে পটুয়াখালীর বাউফল উপজেলায় গত রোববার পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তার বাবার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।নড়িয়া উপজেলার চান্দনী গ্রামের দুবাই-প্রবাসী টিপু সরদারের ছেলে কাওসার সরদারকে (১৬) অপহরণ করা হয়েছে। সে এবার উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। গত শনিবার সে নিখোঁজ হয়। রোববার রাতে অপহরণকারীরা ফোন করে কাওসারের মা মিরু বেগমের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তিনি নড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মিরু বেগম বলেন, ‘আমার স্বামী দুবাইতে ব্যবসা করেন। অপহরণকারীরা ফোনে আমাকে বলে, “তোর স্বামীর কাছে ৫০ লাখ টাকা পাব। সেই ৫০ লাখ টাকা দিলে তোর ছেলেকে ছেড়ে দেওয়া হবে। টাকা না পেলে তাকে (ছেলেকে) মেরে ফেলব। ঢাকার মহাখালীতে এসে টাকা পৌঁছে দিতে হবে। কখন, কার কাছে টাকা দিতে হবে তা পরে জানানো হবে।” গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারা আর ফোন করেনি।’শরীয়তপুরের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, অপহরণকারীরা কৌশল অবলম্বন করে ভিওআইপির মাধ্যমে মুঠোফোনে যোগাযোগ করছে। এ কারণে কাওসারের অবস্থান জানা যাচ্ছে না। তা সত্ত্বেও পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান জানার চেষ্টা করছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কাওসারের সহপাঠী জপসা গ্রামের লিমন মাতব্বরকে রোববার রাতে আটক করা হয়েছে।পটুয়াখালীর বাউফল উপজেলার বাকলা তাঁতেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সোলায়মানকে (১১) গত রোববার অপহরণ করা হয়। সে বাকলা তাঁতেরকাঠি গ্রামের আবদুস ছালাম তালুকদারের ছেলে। ছালাম জানান, গতকাল সোমবার বেলা দেড়টার দিকে তাঁর ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করে অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই সময় তারা সোলায়মানের সঙ্গে কথা বলতে দেয়। তবে ঠিকানা বলেনি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাছেদ মিয়া জানান, বিদ্যালয় চলাকালীন রোববার বেলা দেড়টার দিকে স্থানীয় একজন তাঁর কার্যালয়ে এসে বলে, সোলায়মানের দুই আত্মীয় ওকে খুঁজছে। তখন তাকে ডেকে পাঠানো হয়। এরপর আর সে বিদ্যালয়ে ফিরে আসেনি। তার সহপাঠীরা জানায়, বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে দুজন লোক একটি মোটরসাইকেলে সোলায়মানকে নিয়ে যায়।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সোলায়মানকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।