চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ছাত্র সৌমেন বিশ্বাস ওরফে অনিক হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ গত বুধবার রাতে দুই ছাত্রের বাসায় অভিযান চালিয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি। হত্যাকাণ্ডে ওই দুই ছাত্র জড়িত থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে। সৌমেন হত্যার সঙ্গে জড়িত ছাত্রদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা নগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আনাস ও সালেহ মোহাম্মদ আকিব হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে আমরা তথ্য-প্রমাণ পেয়েছি। তাই আনাসকে ধরতে তাদের চান্দগাঁওয়ের বাসায় এবং আকিবকে ধরতে তাদের দেওয়ান বাজারের বাসায় অভিযান চালানো হয়। হত্যাকাণ্ডের পর থেকে তারা গা ঢাকা দেয় বলে আমরা জেনেছি।’গত সোমবার নগরের রহমতগঞ্জ এলাকায় চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সৌমেন। পরদিন মঙ্গলবার ভোরে বেসরকারি ক্লিনিকে নেওয়ার পথে সে মারা যায়।এদিকে সৌমেনের স্মরণে প্রতিদিন কলেজিয়েট স্কুলে এক মিনিট করে নীরবতা পালন করছে শিক্ষক ও শিক্ষার্থীরা। ১৬ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চলবে। গতকাল বিকেলে কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা অবিলম্বে সৌমেনের খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানায়। কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, ‘সৌমেন ছুরিকাঘাত হওয়ার পর পথচারী থেকে চিকিত্সক ও পরিবারের সদস্যদের কেউ যথাযথ দায়িত্ব পালন করেনি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে আমরা জেনেছি।’