জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুই ছাত্রকে মারধর করার অভিযোগে একই বিভাগের তিনজন ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। বহিষ্কৃত ছাত্ররা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। প্রশাসন জানায়, গত মঙ্গলবার অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একটি সংগঠনের নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে দুজন সাধারণ ছাত্রকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। পরে ওই দুই ছাত্র ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে উপাচার্য বরাবর লিখিত আবেদন করেন।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র অশোক কুমার সরকার, আবু তাহের ও ইমরান হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করেন। বহিষ্কৃত ছাত্ররা ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। প্রক্টর কাজী আসাদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত ও আইনশৃঙ্খলার পরিপন্থী কাজ করায় তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। শিগগির তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।