সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের ছাত্র দীপঙ্কর ঘোষ অনীক ও খায়রুল কবীর হত্যা মামলায় নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। আগামী ২ এপ্রিল থেকে বিচার শুরু হবে। সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক সুফিয়া বেগম গত সোমবার অভিযোগ গঠন করে বিচার শুরুর তারিখ নির্ধারণ করেন। অভিযোগ গঠনকালে মামলার নয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিশেষ বিভাগীয় আদালতের সরকারি কৌঁসুলি শাহ মোশাহিদ আলী গতকাল মঙ্গলবার অভিযোগ গঠন এবং বিচার শুরুর তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন। আসামিদের মধ্যে সইল মিয়া ছাড়া বাকি আটজন জামিনে রয়েছেন। আদালত সূত্র জানায়, ২০১১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চেঙ্গেরখালে নৌভ্রমণে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হন দীপঙ্কর ও খায়রুল। এ ঘটনায় পরদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে সিলেট মহানগরের জালালাবাদ থানায় হত্যা মামলা করেন। শুরুতে দুর্বৃত্তরা অজ্ঞাত ছিল। পরে গ্রেপ্তার হওয়া নৌকার মাঝি গুলজার আহমদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকারী শনাক্ত হলে এলাকাবাসী অভিযুক্ত নয়জনকে ধরে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ওই নয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারের জন্য মামলা বিভাগীয় বিশেষ আদালতে স্থানান্তর করা হয়।