চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দুজনকে তিন মাসের পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত শনিবার রাতে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।আজীবন বহিষ্কার করা ছাত্ররা হলেন সুব্রত দে ও শাহাদাত হোসেন। দুজনই স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র। সুব্রত ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং শাহাদাত হোসেন সদস্য।চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমল কান্তি মজুমদার দুই ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার পরিবেশ বজায় রাখার দায়িত্ব ছাত্র-শিক্ষক সবার। প্রয়োজনে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব।’ তিনি বলেন, দুই ছাত্রের বিরুদ্ধে ২৪ মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু জবাব দেওয়ার আগেই তাঁদের শাস্তি দেওয়া হলো।জানা গেছে, গত বছরের ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নয়জন ছাত্রকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। তাঁরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার, একজনকে দুই বছরের জন্য এবং একজনকে এক বছরের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়।উপাচার্য এ এস মাহফুজুল বারী প্রথম আলোকে বলেন, নয়জনের মধ্যে সাতজনকে ক্ষমা করে দেওয়া হয়েছে। দুজনের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও আগের চেয়ে কমিয়ে দেওয়া হয়েছে। আগে তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছিল। এখন তা কমিয়ে বলা হয়েছে, তাঁরা কেবল চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিতে পারবেন না। তবে অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাঁদের জন্য উম্মুক্ত থাকবে।