দুই ছাত্রলীগ নেতা একে অপরকে জখম করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রলীগ নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে এ ঘটনায় একজন ছুরিকাহত ও অপরজন জখম হয়েছেন।

ওই দুই নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ ওরফে কৌশিক। এঁদের মধ্যে কৌশিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও আতিকুরকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে আতিকুর রহমান ও কাউসার আহমেদ মাদার বখশ হলের সামনে আসেন। তাঁরা দুজনে একে অপরের সঙ্গে কথা বলছিলেন। এর একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।

এ সময় কৌশিক একটি লোহার পাইপ দিয়ে আতিকুরের মাথায় আঘাত করেন এবং কৌশিকের পিঠে ছুরিকাঘাত করেন আতিকুর। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা দুজনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন বলেন, দুজনের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। যোগাযোগ করা হলে আতিকুর রহমান ও কাউসার আহমেদ মন্তব্য করতে রাজি হননি।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’