বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদ জমাদ্দারকে হত্যা মামলার আসামি দুই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করায় বাদী নারাজি দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় গত সোমবার বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম তসলিম আরিফ ওই দুই নেতার বিরুদ্ধে সমন জারি করেছেন।এদিকে সহকর্মী হত্যার প্রতিবাদ ও আসামিদের বিচার দাবি করায় গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি টি এম আলতাফ হোসেনসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. শাহ আলম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২২ সেপ্টেম্বর সকালে ফরিদ জমাদ্দারকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই দিন নিহতের ভাই শাহ জালাল গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নয়ন শরিফ ও ছাত্রলীগের সরকারি গৌরনদী কলেজ শাখার সহসভাপতি মো. কাজল হাওলাদারসহ ছয়জনকে আসামি করে মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান ১৬ জানুয়ারি এজাহারভুক্ত দুই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দেন। ২২ জানুয়ারি মামলার বাদী ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন। বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম তসলিম আরিফ তদন্ত করে ওই দুই নেতার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পান। শিক্ষক ফরিদকে হত্যা করার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি টি এম আলতাফ হোসেনকে আহ্বায়ক করে আন্দোলন শুরু করা হয়। শিক্ষক নেতাদের অভিযোগ, আন্দোলনের শুরুতেই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রভাবিত হয়ে বিভিন্ন অজুহাতে শিক্ষকদের হয়রানি করেন।আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তিনি শিক্ষক সমিতির নেতা টি এম আলতাফ হোসেনের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনে প্রথমে গত বছরের ২৭ নভেম্বর অভিযোগ গঠন ও তাঁকে চাকরি থেকে বরখাস্তের বিষয়ে নোটিশ দেন। পরে এ শাস্তি প্রত্যাহার করা হয়। কিন্তু এ আন্দোলনে সহায়তা করার অভিযোগে ওই শিক্ষা কর্মকর্তা সহকারী শিক্ষক সেকেন্দার আলী, আবুল খায়ের, জেবুন নাহার ও সুলেখা বেগমসহ ওই শিক্ষক নেতার বিরুদ্ধে গত ১৩ জুন বিভাগীয় মামলা করেন। গত ১৬ জুলাই তাঁদের শাস্তি দেওয়া হয়।শাস্তি পাওয়া শিক্ষকেরা অভিযোগ করেন, শাস্তি হিসেবে তাঁদের টাইমস্কেল সর্বনিন্ম ধাপে নামিয়ে দেওয়া হয়েছে, যা প্রচলিত বিধি-বিধানের লঙ্ঘন। তাঁদের দণ্ড দিতে শিক্ষা কর্মকর্তা শাহ আলম নিজেই বাদী, সাক্ষী, তদন্তকারী ও বিচারক হয়েছেন। এসব বিষয়ে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম বলেন, সবকিছুই বিধিমালা অনুযায়ী করা হচ্ছে। গত ১২ আগস্ট ওই শিক্ষকেরা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দণ্ড মওকুফের জন্য আপিল করেছেন।